ভুবনেশ্বর: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। ‘সাইক্লোন অর্ণব’-এর সরাসরি ল্যান্ডফলের সম্ভাবনা না থাকলেও এর প্রভাবে ওড়িশার দক্ষিণ ও উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে চরম সতর্কতা জারি করেছে প্রশাসন।
দুর্যোগের আশঙ্কায় ওড়িশার অন্তত ছয়টি জেলায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খোরধা, জগৎসিংহপুর, গঞ্জাম ও গজপতি জেলায় জেলা প্রশাসনের নির্দেশে স্কুল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি হাই অ্যালার্টে থাকা এলাকাগুলিতে বিশেষ বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।
প্রশাসনিক প্রস্তুতিতেও জোর দেওয়া হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা যায়। ভারী বৃষ্টি ও সম্ভাব্য দুর্যোগের মোকাবিলায় সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
মালকানগিরি জেলায় আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর ‘ন্যাশনাল রুরাল ট্যালেন্ট স্কলারশিপ’-এর পরীক্ষা নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। নিম্নচাপের গতিপথ ও বৃষ্টির পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন।




















