কলকাতা: রাজ্যে আয়ুষ চিকিৎসা ব্যবস্থাকে আরও গুরুত্ব দিতে পৃথক প্রশাসনিক কাঠামো তৈরির পথে এগোল সরকার। এতদিন স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা আয়ুষ বিভাগকে আলাদা করে নতুন দপ্তর গঠনের প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বুধবারের মন্ত্রিসভার বৈঠকে নতুন দপ্তর তৈরির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
প্রশাসনিক সূত্রের খবর, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি, সিদ্ধা, যোগ এবং ন্যাচারোপ্যাথির মতো বিভিন্ন চিকিৎসা পদ্ধতিকে একটি পৃথক প্রশাসনিক কাঠামোর আওতায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ। এতদিন স্বাস্থ্য দপ্তরের অধীনেই আয়ুষ সংক্রান্ত পরিষেবা ও প্রশাসনিক কাজ পরিচালিত হত। নতুন কাঠামো তৈরি হলে এই ক্ষেত্রগুলির জন্য পৃথকভাবে নীতি নির্ধারণ ও প্রশাসনিক কাজ পরিচালনার সুযোগ তৈরি হবে।
নতুন সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার চিকিৎসা ব্যবস্থায় আয়ুষের বিভিন্ন শাখাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। শুধু এলোপ্যাথি নির্ভর চিকিৎসা ব্যবস্থার পরিবর্তে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি-সহ অন্যান্য স্বীকৃত চিকিৎসা পদ্ধতিকেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে সরকারের তরফে।
মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্তের পর এবার নতুন দপ্তর গঠনের জন্য পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে। পৃথক কাঠামো তৈরি হলে রাজ্যে আয়ুষ চিকিৎসা ব্যবস্থার প্রশাসনিক পরিচালনা ও সম্প্রসারণে নতুন দিশা খুলতে পারে বলে মনে করছে প্রশাসনের একাংশ।




















