কলকাতা – শহর কলকাতার যানজট কমাতে ও পার্কিং ব্যবস্থা আধুনিক করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার থেকে নির্দিষ্ট পার্কিং জোনের বাইরে রাস্তা, ফুটপাত বা পাড়ার অলিগলিতে গাড়ি দাঁড় করিয়ে রাখলে জরিমানা করা হবে। পার্কিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে পুজোর আগেই চালু হতে চলেছে নতুন স্মার্ট পার্কিং অ্যাপ।
সম্প্রতি পার্কিং সমস্যা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার এবং এডিজি ট্রাফিকের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকের পর তিনি জানান, শহরের রাস্তায় দিনের পর দিন বাস, ট্যাক্সি, ক্যাব বা ব্যক্তিগত গাড়ি দাঁড় করিয়ে রাখা আর বরদাস্ত করা হবে না। নির্দিষ্ট পার্কিং জোনেই গাড়ি রাখতে হবে এবং পার্কিং চার্জ বাধ্যতামূলক করা হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, কেএমসি এলাকায় প্রথম পর্যায়ে প্রায় ১৫ হাজার পার্কিং স্পট চিহ্নিত করা হয়েছে। বর্তমানে সেগুলিকে টেন্ডারের আওতায় আনা হচ্ছে। পরবর্তীতে এই ব্যবস্থা হাওড়া, বিধাননগর ও অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত করা হবে। প্রয়োজনে নতুন বহুতল পার্কিং নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
নতুন ডিজিটাল অ্যাপ চালু হলে চালকেরা সহজেই জানতে পারবেন কোথায় পার্কিং স্পেস খালি রয়েছে। অ্যাপের মাধ্যমে অনলাইনেই পার্কিং স্লট বুকিং, ডিজিটাল পেমেন্ট এবং পার্কিং সংক্রান্ত বিভিন্ন পরিষেবাও পাওয়া যাবে। পাশাপাশি গাড়ির চালকদের জন্য সচিত্র পরিচয়পত্র চালুর পরিকল্পনাও রয়েছে।




















