রাজ্য – মিড ডে মিলে ডিম নিয়ে বিতর্কের পর এবার আরও বড় ইঙ্গিত দিল রাজ্য সরকার। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, ভবিষ্যতে স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে মাছও দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে আরও পুষ্টিকর খাবারও মেনুতে যোগ করা হবে বলে জানান তিনি।
শুক্রবার কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডিম দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন যারা পড়ুয়াদের পুষ্টি নিয়ে প্রশ্ন তুলছিলেন, এই সিদ্ধান্তে তাদের জবাব মিলেছে বলেও মন্তব্য করেন তিনি।
এরপর তিনি জানান, শুধু ডিমেই থেমে থাকবে না সরকার। আগামী দিনে মিড ডে মিলে মাছ এবং আরও পুষ্টিকর খাদ্য অন্তর্ভুক্ত করার বিষয়েও চিন্তাভাবনা চলছে। রাজ্যের শিশুদের পুষ্টির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর কলকাতার কিছু স্কুলে পরীক্ষামূলকভাবে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে দেওয়া হয়। ইসকনের পরিবেশিত খাবার নিরামিষ হওয়ায় ডিম বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ইসকনের খাবারের পাশাপাশি ১ আগস্ট থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলাদা করে পড়ুয়াদের ডিম দেওয়া হবে।
এবার সেই ঘোষণার পর আরও এক ধাপ এগিয়ে ভবিষ্যতে মিড ডে মিলে মাছ দেওয়ার সম্ভাবনার কথা জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক।




















