কলকাতা – কলকাতায় ফের বড় মাদকবিরোধী সাফল্য পুলিশের। এমডিএমএ ও হেরোইনের পর এবার কড়েয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোকেন উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শহরের বিভিন্ন রেভ পার্টিতে সরবরাহের উদ্দেশ্যেই এই বিদেশি মাদক মজুত করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কড়েয়ার আহিরিপুকুর রোডের একটি ডেরায় অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ১০৪ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকারও বেশি। ঘটনাস্থল থেকেই আজাহারউদ্দিন খান, মহম্মদ আসফাক এবং লতাফত খান নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, বিদেশি মাদক পাচারের পিছনে একটি সংগঠিত চক্র সক্রিয় রয়েছে। অভিযোগ, ডার্ক ওয়েবের মাধ্যমে বিদেশি পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন উপায়ে এই মাদক কলকাতায় আনা হতো। পরে ছোট ছোট প্যাকেটে তা রেভ পার্টি এবং অন্যান্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হতো। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তি এবং ক্রেতাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কীভাবে এই মাদক শহরে পৌঁছল এবং নিরাপত্তা ব্যবস্থার নজর এড়িয়ে এল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সোমবার কলকাতা পুলিশের উদ্যোগে মাদক পাচার রোধে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। লালবাজারে আয়োজিত ওই বৈঠকে কলকাতা পুলিশ-সহ মোট ২০টি তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নারকোটিক কন্ট্রোল ব্যুরো, শুল্ক দপ্তর, আবগারি দপ্তর, ডিআরআই, স্বাস্থ্য দপ্তর-সহ একাধিক সংস্থার আধিকারিকরা গত এক মাসের মাদক উদ্ধার, গ্রেপ্তার এবং পাচারচক্র দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান এবং ভবিষ্যৎ অভিযানের কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।




















