কলকাতায় ১৪৪ ধারা জারির খবর ভুয়ো, স্পষ্ট জানাল কলকাতা পুলিশ

কলকাতায় ১৪৪ ধারা জারির খবর ভুয়ো, স্পষ্ট জানাল কলকাতা পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – কলকাতার বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সম্পূর্ণ ভুয়ো বলে জানাল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শহরের কোথাও এই ধরনের কোনও নির্দেশ জারি করা হয়নি। এই ভুয়ো খবরকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়, সেদিকেও নজর রাখছে প্রশাসন।
কলকাতা পুলিশের তরফে সামাজিক মাধ্যমে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, “১৪৪ ধারা জারির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভুয়ো ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, কলকাতা পুলিশ এলাকার আওতাধীন কোনও স্থানেই ১৪৪ ধারার অধীনে এমন কোনও নির্দেশ জারি করা হয়নি।”
পুলিশ আরও জানিয়েছে, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পাশাপাশি যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো তথ্য ছড়াচ্ছে বা জনশান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সতর্ক করা হয়েছে।
লালবাজারের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর পোস্টগুলির উপর নজরদারি চালানো হচ্ছে। ভুল তথ্য প্রচার বা গুজব ছড়ানোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
নাগরিকদের উদ্দেশে কলকাতা পুলিশের আবেদন, কোনও যাচাইহীন পোস্ট বা গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর নির্ভর করতে হবে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই ঘটনার পর আবারও সামনে এল সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা এবং তা মোকাবিলায় প্রশাসনের সতর্ক অবস্থান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top