কালীপুজোর বিসর্জন ঘিরে রক্তাক্ত বাঁকুড়া! বিবাদ মেটার পরেও হামলা, ধারালো অস্ত্রের কোপে খুন নববিবাহিত যুবক

কালীপুজোর বিসর্জন ঘিরে রক্তাক্ত বাঁকুড়া! বিবাদ মেটার পরেও হামলা, ধারালো অস্ত্রের কোপে খুন নববিবাহিত যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বাঁকুড়া —

উৎসবের রেশ কাটতে না কাটতেই কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে রক্তাক্ত হল বাঁকুড়া শহর। বিসর্জনের শোভাযাত্রায় বিবাদ ও বচসার জেরে নৃশংসভাবে খুন হতে হল এক যুবককে। শুক্রবার রাতে বাঁকুড়া সদর থানার অন্তর্গত লোকপুর পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃতের নাম আদিত্য ভকত (২৮)। মাত্র কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল তাঁর। ঘটনায় ইতিমধ্যেই সুরাজ রোসা-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ও উত্তেজনা।

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এলাকার বিধায়ক নীলাদ্রি দানা।

বিসর্জনের শোভাযাত্রায় প্রথমে বচসা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে লোকপুর পাড়ায় কালীপ্রতিমার নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল। সেই সময় কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুই দলের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। স্থানীয় ভক্তপাড়ার বাসিন্দা আদিত্য ভকতও সেই বচসায় জড়িয়ে পড়েন।

প্রাথমিকভাবে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিবাদ মিটে যায়। কিন্তু অভিযোগ, বিসর্জন পর্ব শেষ হওয়ার পর ফের নতুন করে বচসা শুরু হয়। তখনই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

ঘিরে ধরে হামলা, ধারালো অস্ত্র দিয়ে কোপ

অভিযোগ, প্রায় দশজন যুবক একজোট হয়ে আদিত্যকে ঘিরে ধরে। এরপর তাঁকে তাড়া করে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। শুধু তাই নয়, মাথার পিছনেও ভারী কোনও বস্তু দিয়ে সজোরে আঘাত করা হয় বলে অভিযোগ।

গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আদিত্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তিনজন গ্রেফতার, তদন্তে পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। হত্যাকাণ্ডের তদন্তে নেমে সুরাজ রোসা-সহ তিনজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এই বিবাদের সূত্রপাত এবং হামলার পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

মাত্র কয়েক মাস আগে বিয়ে হওয়া আদিত্যের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিত মহলে। উৎসবের বিসর্জনকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top