পশ্চিমবঙ্গ —
দলের পতাকা হাতে নিয়ে কেউ কেউ অরাজকতা চালাচ্ছেন। তাঁদের চিহ্নিত করে অবিলম্বে এফআইআর করার বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। দলীয় পরিচয় থাকলেও কাউকে রেয়াত করা হবে না, সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতারা। এবার শমীক ভট্টাচার্যের দাবি, যাঁদের বিরুদ্ধে আগে ভোট লুঠ ও অরাজকতার অভিযোগ উঠেছিল, তাঁদেরই কেউ কেউ এখন বিজেপির পতাকা হাতে নিয়ে দলে প্রবেশের চেষ্টা করছেন।
কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ
একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে শমীক বলেন, “দিকে দিকে কাউন্সিলরদের থেকে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। এর জন্য দায়ী তারাই, যারা ভোট লুঠ করে জিতেছেন। তারাই আবার ঘুরে আসতে চাইছে বিজেপির পতাকা হাতে ধরে। দলকে কঠিন পদক্ষেপ করতে যাতে বাধ্য না হতে হয়, তা আপনারা দেখবেন।”
দলের পতাকা ব্যবহার করে কোনও ধরনের অরাজকতা বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি।
শমীক ভট্টাচার্যের এই মন্তব্যে দলের ভিতরে শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনও অনিয়ম যাতে না ঘটে, সেই বিষয়টিই গুরুত্ব পেয়েছে। এখন দেখার, তাঁর এই বার্তার পর দলীয় স্তরে কী পদক্ষেপ করা হয়।




















