কলকাতা:
খেলাধুলার সঙ্গে রাজনীতিকে একেবারেই মিশিয়ে ফেলা উচিত নয় বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১০ম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ক্রীড়াজগৎ ও রাজনীতি সম্পূর্ণ আলাদা থাকা উচিত এবং খেলাধুলার প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের আমলে কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব থেকে শুরু করে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, আর্চারি, জুডো-সহ বিভিন্ন ক্রীড়া সংস্থায় রাজনৈতিক প্রভাব বেড়েছিল। তাঁর দাবি, খেলাধুলার মধ্যে রাজনীতির প্রবেশ সাধারণ মানুষ কখনওই ভালোভাবে নেননি।
তিনি আরও বলেন, রাজ্য বিজেপির অবস্থান স্পষ্ট— ক্রীড়া সংগঠনের কোনও গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক ব্যক্তিত্বদের থাকা উচিত নয়। ব্যক্তি যে দলেরই হোন না কেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রেখে স্বচ্ছ ও স্বাধীন পরিবেশে পরিচালনা করতে হবে বলেই মত প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ১০ম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ ২০২৬-এর আয়োজন করেছে সেইশিনকাই শিটো-রিউ ক্যারাটে-ডো ফেডারেশন, সহযোগিতায় রয়েছে ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃত এবং দেশ-বিদেশের বহু প্রতিযোগী এতে অংশগ্রহণ করেছেন।



















