খেলাধুলার উন্নয়নে ৩৬,৪৪১ কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ, সিদ্ধান্তকে স্বাগত বাংলার ক্রীড়ামন্ত্রীর

খেলাধুলার উন্নয়নে ৩৬,৪৪১ কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ, সিদ্ধান্তকে স্বাগত বাংলার ক্রীড়ামন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি:

দেশের খেলাধুলার উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে আগামী পাঁচ আর্থিক বছরে ৩৬ হাজার ৪৪১ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মূলত ‘খেলো ইন্ডিয়া’ কর্মসূচি এবং বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থার পরিকাঠামো ও উন্নয়নের কাজে এই অর্থ ব্যয় করা হবে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি বলেন, দেশের ক্রীড়া এবং ক্রীড়াবিদদের উন্নয়নে কেন্দ্রের এই বিপুল আর্থিক বরাদ্দ ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের আরও ভালো সুযোগ করে দেবে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারও রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ১০০টি ইনডোর স্টেডিয়াম নির্মাণ, বিভিন্ন স্কুল ও কলেজে ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার জন্য অর্থ বরাদ্দ এবং বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ী ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা প্রদান। এই প্রেক্ষাপটে কেন্দ্রের নতুন বরাদ্দ রাজ্যের পরিকল্পনাকেও আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ক্রীড়ামন্ত্রী।

এক সাক্ষাৎকারে ইন্দ্রনীল খাঁ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ক্রীড়া ও ক্রীড়াবিদদের উৎসাহ দিচ্ছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ সালের অলিম্পিকের প্রস্তুতিতে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি ‘খেলো ইন্ডিয়া’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল স্তর থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে এনে তাঁদের প্রশিক্ষণ, পুষ্টি ও পেশাদার সুযোগ দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ কার্যকর হবে বলেও তিনি মত প্রকাশ করেন। একই সঙ্গে কেন্দ্রের ‘নেশা মুক্ত ভারত’ উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top