খেলা – ব্যাটারদের দাপটের পর বোলারদের আগুনে পারফরম্যান্স। সব মিলিয়ে একতরফা ম্যাচে Royal Challengers Bengaluru ৯২ রানে হারিয়ে দিল Gujarat Titans-কে। চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দুরন্ত জয় তুলে নিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু। এখন প্রশ্ন একটাই—গত মরশুমের চ্যাম্পিয়ন আরসিবি কি এবারও ট্রফি ধরে রাখতে পারবে?
হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক Shubman Gill। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে নামেন আরসিবির দুই ওপেনার Virat Kohli এবং Venkatesh Iyer। যদিও দ্বিতীয় ওভারেই বেঙ্কটেশকে ফিরিয়ে গুজরাতকে প্রথম সাফল্য এনে দেন Kagiso Rabada। মাত্র ৭ বলে ১৯ রান করে আউট হন তিনি।
এরপর বিরাট কোহলি এবং Devdutt Padikkal জুটি বেঁধে ইনিংস সামলান। মাত্র ২৩ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে। পাওয়ার প্লে শেষে আরসিবির স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৭৬ রান। এদিন বিরাট কোহলি আরও একটি নজির গড়েন। তিনি আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা চারটি মরশুমে ৬০০-র বেশি রান করার কৃতিত্ব অর্জন করেন।
তবে নবম ওভারে ম্যাচে ফের গুজরাতকে ফেরানোর চেষ্টা করেন Jason Holder। একই ওভারে তিনি ফেরান বিরাট কোহলি (৪৩) এবং দেবদত্ত পাড়িক্কলকে (৩০)।
চতুর্থ উইকেটে ইনিংসের হাল ধরেন আরসিবি অধিনায়ক Rajat Patidar এবং Krunal Pandya। দুজনে মিলে দলকে বড় রানের ভিত গড়ে দেন। রাবাদার হাত থেকে রজতের সহজ ক্যাচ ফস্কে যাওয়ার পর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। ক্রুণাল ২৭ বলে ৪৩ রান করে আউট হলেও শেষের দিকে তাণ্ডব চালান রজত পাটিদার। মাত্র ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৩ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন আরসিবি অধিনায়ক।
শেষের দিকে Jitesh Sharma-ও ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান তোলে আরসিবি।
গুজরাতের বোলিং এবং ফিল্ডিং দুইই ছিল হতাশাজনক। একাধিক ক্যাচ মিস, ওভারথ্রো এবং ভুল ফিল্ডিংয়ের সুযোগ পুরোপুরি কাজে লাগায় বেঙ্গালুরু।
২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় গুজরাত। সাই সুদর্শন করেন মাত্র ১৪ রান এবং দ্রুত আউট হন শুভমন গিলও। কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন Jos Buttler, কিন্তু তাকেও ফেরান Josh Hazlewood।
এরপর একে একে ভেঙে পড়ে গুজরাতের ব্যাটিং লাইনআপ। Washington Sundar, জেসন হোল্ডার, নিশান্ত সিন্ধু, Rashid Khan এবং কাগিসো রাবাদা দ্রুত সাজঘরে ফেরেন। একমাত্র Rahul Tewatia একা লড়ে ৬৮ রান করে দলের মান বাঁচানোর চেষ্টা করেন।
আরসিবির বোলাররা এদিন ছিলেন দুরন্ত ছন্দে। জ্যাকব ডাফি নেন তিনটি উইকেট। ক্রুণাল পাণ্ড্য এবং রশিক সালাম ডর নেন দুটি করে উইকেট। এছাড়া Bhuvneshwar Kumar দুটি এবং জস হেজেলউড একটি উইকেট তুলে নেন।
এই জয়ের ফলে সরাসরি ফাইনালে পৌঁছে গেল আরসিবি। অন্যদিকে গুজরাতের সামনে এখনও ফাইনালে ওঠার আরও একটি সুযোগ রয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে Rajasthan Royals এবং Sunrisers Hyderabad-এর ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে গুজরাত টাইটান্স।



















