চাপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান—তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

চাপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান—তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – নদিয়ার চাপড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কর্মী সম্মেলন শেষে বেরোনোর সময় তাঁর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান দেন বিজেপি কর্মী-সমর্থকেরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকে যোগ দিতে এদিন এলাকায় পৌঁছেছিলেন মহুয়া মৈত্র। বৈঠক শেষে তিনি বাইরে বেরোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। হাতে কালো পতাকা নিয়ে তাঁরা প্রতিবাদ জানান এবং সাংসদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল।

বিক্ষোভের পর মহুয়া মৈত্র দাবি করেন, চাপড়ায় তৃণমূলের কর্মী বৈঠক অত্যন্ত সফল হয়েছে। পলাশীপাড়া ও জলঙ্গির বিধায়কদের উপস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অঞ্চলভিত্তিক সংগঠনকে নতুন করে সাজানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তাঁকে ঘিরে বিজেপির বিক্ষোভ প্রসঙ্গে মহুয়া মৈত্রের অভিযোগ, দলবদলু নেতা এবং বিজেপির মদতেই এলাকায় এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের ‘বেইমান’ বলেও কটাক্ষ করেন তিনি। দলবিরোধী কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হলে জেলা পরিষদের সদস্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান সাংসদ।

পাশাপাশি পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল কর্মীদের উপর চাপ তৈরি এবং তাঁদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন মহুয়া মৈত্র। পালটা বিক্ষোভ ঘিরে বিজেপির ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। চাপড়ার এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির রাজনৈতিক সংঘাত যে আরও তীব্র হতে পারে, সেই জল্পনাও তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top