জিরো এফআইআর নিয়ে কড়া নির্দেশ পুলিশ কমিশনারের, তদন্তে বিলম্ব হলে জবাবদিহির নির্দেশ

জিরো এফআইআর নিয়ে কড়া নির্দেশ পুলিশ কমিশনারের, তদন্তে বিলম্ব হলে জবাবদিহির নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – জিরো এফআইআর সংক্রান্ত মামলার তদন্তে কোনওরকম গাফিলতি বা বিলম্ব বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। রবিবার জারি হওয়া নতুন নির্দেশিকায় বলা হয়েছে, জিরো এফআইআর নথিভুক্ত হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট থানায় মামলাটি পাঠাতে হবে এবং তদন্ত শুরু হওয়া নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ায় দেরি হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে জবাবদিহি করতে হবে।

নির্দেশিকা অনুযায়ী, যে থানায় জিরো এফআইআর দায়ের হবে, সেই থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে যোগাযোগ করে মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করবেন। পাশাপাশি, মামলা পাঠানোর সময় ঘটনার সমস্ত প্রাসঙ্গিক তথ্য, অভিযোগের বিবরণ এবং অভিযোগকারীর যোগাযোগের নম্বরও সংশ্লিষ্ট থানার কাছে পৌঁছে দিতে হবে।

বিশেষ করে নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, মারধর-সহ মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে আরও দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের জিরো এফআইআর দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ডিভিশনাল ডেপুটি কমিশনারকে বিষয়টি জানাতে হবে, যাতে তদন্তে কোনও বিলম্ব না হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা যায়।

এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হল, জিরো এফআইআর সংক্রান্ত প্রতিটি অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এবং তদন্ত প্রক্রিয়াকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করে তোলা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top