রাজ্য – তৃণমূল সরকারের আমলে পর্যটন দফতরে থ্রেট কালচার ও সিন্ডিকেটরাজ চলত বলে অভিযোগ তুলে নতুন পর্যটনমন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ হলেন দফতরের এক প্রাক্তন কর্মী। জলদাপাড়ার বাসিন্দা অর্পিতা দাস দাবি করেছেন, এই অনিয়মের প্রতিবাদ করায় তাঁকে চাকরি হারাতে হয়েছে। তাঁর অভিযোগ শোনার পর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পর্যটনমন্ত্রী। তিনি জানান, পুরো ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে।
অর্পিতা দাস জানান, বাবার মৃত্যুর পর সহানুভূতিশীল নিয়োগের ভিত্তিতে ২০২০ সালে তিনি পর্যটন দফতরে চাকরিতে যোগ দেন। প্রথমে মালবাজারে কর্মরত থাকলেও পরে তাঁকে জলদাপাড়ায় বদলি করা হয়। সেখানে কাজ করার সময় দফতরের বিভিন্ন অনিয়ম, থ্রেট কালচার এবং সিন্ডিকেটরাজের বিরুদ্ধে তিনি সরব হন বলে দাবি করেন।
অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি তৎকালীন পর্যটনমন্ত্রীর কাছেও লিখিতভাবে জানিয়েছিলেন। কিন্তু সমস্যার সমাধান না হয়ে উল্টে তাঁকে কলকাতায় বদলির নির্দেশ দেওয়া হয়। ব্যক্তিগত কারণে কলকাতায় যোগ দিতে অপারগ হওয়ার কথা তিনি দফতরকে লিখিতভাবে জানান। এরপর কোনও স্পষ্ট জবাব না দিয়েই তাঁর বেতন বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন অর্পিতা।
পুরো ঘটনায় বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আনা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।




















