কলকাতা: টানা কয়েকদিনের বৃষ্টির পর রবিবার, ২৭ সেপ্টেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা স্বস্তির ছবি। কোথাও রোদের দেখা মিলেছে, আবার কোথাও আকাশ ঢেকেছে মেঘে। তবে বৃষ্টি এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবার কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে ফের মেঘের আনাগোনা বাড়তে পারে। দুপুরের দিকে শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকালের পর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সাতদিন বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই সেই বৃষ্টি স্বল্পস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নদিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় ঝোড়ো হাওয়ারও দেখা মিলেছে। ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও স্থানীয়ভাবে বৃষ্টি ও দমকা হাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।



















