কলকাতা —
পলতা থেকে টালায় জল সরবরাহের ৭২ ইঞ্চি ব্যাসের মূল লোহার পাইপ মেরামত করতে এবার পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ল কলকাতা পুরসভা। কমিটিতে রয়েছেন পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের দুই প্রাক্তন ডিজি বিভাস মাইতি ও মৈনাক মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছেন বর্তমান ডিজি রিহান সান্যাল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপক গোকুল মণ্ডল এবং স্পেশাল কমিশনার সৌম্য ভট্টাচার্য। পুরকমিশনার স্মিতা পাণ্ডের উদ্যোগেই এই কমিটি গঠন করা হয়েছে।
পূর্ব রেলের সঙ্গে যৌথ আলোচনার পর পাইপলাইন মেরামতের অনুমতি মিলতেই বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠকে বসেন কমিটির পাঁচ সদস্য। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শনিবার থেকেই ফেটে যাওয়া ব্রিটিশ আমলের ৭২ ইঞ্চি ব্যাসের ওই পাইপ মেরামতের কাজ শুরু হবে।
আপাতত বিকল্প পাইপ দিয়ে জল সরবরাহ
পাইপলাইনের যে অংশটি রেললাইনের নীচে রয়েছে, আপাতত সেটি বন্ধ রাখা হয়েছে। তার পরিবর্তে ৪৮ ইঞ্চি ব্যাসের বাইপাস পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। তবে এই বিকল্প ব্যবস্থায় উত্তর কলকাতার কয়েকটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
ফলে দ্রুত মূল পাইপলাইন মেরামতের উপরেই জোর দিচ্ছে পুরসভা। পাঁচ বিশেষজ্ঞের কমিটি গোটা মেরামতি প্রক্রিয়া খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। শনিবার থেকে কাজ শুরু হলে পরিস্থিতির কতটা উন্নতি হয়, এখন সেদিকেই নজর উত্তর কলকাতার বাসিন্দাদের।




















