টুলু মণ্ডলের অফিসে পুলিশের তল্লাশি, গুরুত্বপূর্ণ নথি ও সম্পদের খোঁজে অভিযান

টুলু মণ্ডলের অফিসে পুলিশের তল্লাশি, গুরুত্বপূর্ণ নথি ও সম্পদের খোঁজে অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বীরভূম:

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার পর এবার তাঁর মহম্মদবাজারের সোঁতশাল এলাকায় থাকা অফিসে তল্লাশি চালাল পুলিশ। শনিবার ধৃত আত্মীয় মিনার মণ্ডলকে সঙ্গে নিয়ে তদন্তকারীরা ওই অফিসে পৌঁছন। গোটা এলাকা ঘিরে রেখে শুরু হয় তল্লাশি অভিযান। অফিসের ভিতর থেকে বাক্স বা সিন্দুকজাতীয় কিছু ভাঙার শব্দ শোনা যায়, যা ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

পুলিশের অনুমান, ওই অফিসে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র অথবা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য থাকতে পারে। তদন্তকারীদের দাবি, পাথর ব্যবসার বিভিন্ন আর্থিক কার্যকলাপ এই অফিস থেকেই পরিচালিত হতো এবং খাদান থেকে সংগৃহীত অর্থ প্রথমে এই অফিসেই আনা হতো।

তদন্তে জানা গিয়েছে, অফিসটিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট-সহ একাধিক কর্মী কাজ করতেন। পাশাপাশি বিভিন্ন আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এই অফিসের ঠিকানা ব্যবহার করা হতো বলে পুলিশের দাবি। ধৃত মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর এই অফিস সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রের খবর।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অফিসের ভিতরে একাধিক কম্পিউটার, প্রিন্টার এবং অন্যান্য দাপ্তরিক সরঞ্জাম রয়েছে। সেগুলি থেকে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও নথি মিলতে পারে বলে মনে করছে পুলিশ। কয়েক দিন ধরে অফিসটি বন্ধ ছিল। তল্লাশি শেষে কী কী নথি বা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন তদন্তকারীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top