কলকাতা – আসন্ন পুরসভা নির্বাচনের আগে কলকাতা ও হাওড়া পুরনিগমে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ডিলিমিটেশনের ফলে কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ২০৯ এবং হাওড়া পুরনিগমে ৬৮ করা হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে আগামী ১২ আগস্ট বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে সংশোধনী বিল আনা হবে।
রাজ্য সরকার আগামী নভেম্বরের শেষদিকে কলকাতা ও হাওড়া পুরনিগমে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি যেসব পুরসভায় বর্তমানে প্রশাসক হিসেবে সরকারি আধিকারিকরা দায়িত্বে রয়েছেন, সেখানেও একই নির্বাচনী সূচি অনুযায়ী ভোটগ্রহণ হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড পুনর্বিন্যাস করে ২০০টি ওয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিটি ওয়ার্ডে প্রায় ১৬ হাজার ভোটার রাখার লক্ষ্যে সীমানা নির্ধারণ করতে গিয়ে একাধিক প্রশাসনিক জটিলতা সামনে আসে। সেই কারণে নির্ধারিত সময়ের মধ্যে নতুন ওয়ার্ড তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে সমস্ত বিষয় খতিয়ে দেখে কলকাতা পুরসভা ২০৯টি ওয়ার্ডের নতুন মানচিত্র পুর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠিয়েছে। তবে ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি পেলেও কলকাতা পুরসভার ১৬টি বরো অপরিবর্তিত থাকবে বলে প্রশাসনিক সূত্রে খবর।




















