রাজ্য – দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েক দিনের টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পরিস্থিতির শুক্রবারও তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, দিনভর আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি অবস্থান করছে, যার প্রভাবেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় রয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে একটি এবং উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসমে আরও দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই তিনটি ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার সম্মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর ফলেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও ১০০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সব জেলাতেই হলুদ সতর্কতা বহাল রাখা হয়েছে। কলকাতায় শুক্রবার ও শনিবার দু’-এক পশলা বৃষ্টি হতে পারে, তবে শহরে বৃষ্টির তীব্রতা অন্যান্য জেলার তুলনায় কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে।




















