নয়াদিল্লি: যত দ্রুত সম্ভব ডিলিমিটেশন বিল পাশ করাতে উদ্যোগী কেন্দ্র। বাদল অধিবেশনের নির্ধারিত সময়ের মধ্যে বিলটি পাশ করানো সম্ভব হয়নি। তবে সেই কারণে কেন্দ্র পিছিয়ে আসছে না। প্রয়োজনে যে কোনও সময় ফের সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
রিজিজুর বক্তব্য, অতীতেও একাধিকবার এমন পরিস্থিতিতে সংসদের অধিবেশন ডাকা হয়েছে। সংসদের অধিবেশন কখন অনুষ্ঠিত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারের রয়েছে বলেও স্পষ্ট করেছেন তিনি। ফলে ডিলিমিটেশন বিল নিয়ে ফের সংসদ বসার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ১৩ অগস্ট লোকসভা ও রাজ্যসভা উভয়কেই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। সাধারণত কোনও অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার পর কয়েক দিনের মধ্যেই সেটিকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। কিন্তু এখনও পর্যন্ত বাদল অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়নি।
এর আগে বাজেট অধিবেশন ১৮ এপ্রিল শেষ হওয়ার পর ২০ এপ্রিল তা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। সংসদীয় নিয়ম অনুযায়ী, অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হলেও রাষ্ট্রপতির তরফে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা অবসানের ঘোষণা না হওয়া পর্যন্ত সেটি আইনিভাবে সম্পূর্ণ শেষ হয় না।
এই পরিস্থিতিতে বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি না হওয়াকে কেন্দ্র করে নতুন করে বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।




















