জাতীয় —
তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক কোন পক্ষের হাতে থাকবে, তা নিয়ে চলা রাজনৈতিক ও আইনি লড়াই এবার নতুন মোড় নিল। এই মামলায় রবিবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে নথি জমা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির। এদিন কমিশনের দফতরে উপস্থিত ছিলেন লোকসভা ও রাজ্যসভার দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন।
নথি জমা দেওয়ার পর কমিশনের দফতরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়ক হলফনামা জমা দিয়েছেন। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভার মোট ১৭ জন সাংসদ, মেঘালয়ের পাঁচ জন এবং অসমের একজনও মমতা শিবিরের পক্ষে হলফনামা দিয়েছেন বলে দাবি করেন শ্রীরামপুরের সাংসদ।
বিধায়কদের সংখ্যা নিয়ে নতুন করে জল্পনা
গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের জোড়াফুল প্রতীকে জয়ী হয়েছিলেন ৮০ জন বিধায়ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, তাঁদের মধ্যে ৩২ জন মমতা শিবিরের পক্ষে হলফনামা দিয়েছেন। সেই হিসেব ধরলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন ৪৮ জন বিধায়ক।
এই পরিসংখ্যান সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ঋতব্রত শিবিরের শক্তি কমছে? মমতা শিবিরের পক্ষে আরও কতজন জনপ্রতিনিধি রয়েছেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
‘রাজনীতিতে দুই আর দুইয়ে সবসময় চার হয় না’
এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে সরল অঙ্কের বাইরে গিয়ে রাজনৈতিক সমীকরণের কথা তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “রাজনীতিতে সবসময় দুই আর দুইয়ে চার হয় না। দুই আর দুইয়ে অনেক সময় বাইশও হয়।”
ফলে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের কাছে জমা পড়া নথি এবং দুই শিবিরের জনপ্রতিনিধিদের সমর্থনের হিসাব ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। শেষ পর্যন্ত কমিশনের সিদ্ধান্ত কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




















