দক্ষিণ ২৪ পরগনা —
দুর্গাপুজো ও কালীপুজোর সময় বামেদের বইয়ের স্টল ভাঙচুর এবং বই পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি। সেই বিতর্কের আবহেই এবার জনসংযোগের অভিনব কৌশল নিল সিপিএম। ‘ঘরে ঘরে বুক স্টল’ বা ‘দুয়ারে বুক স্টল’ কর্মসূচির মাধ্যমে বই হাতে মানুষের বাড়ি, দোকান ও পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন বাম নেতাকর্মীরা। রবিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজারে এই কর্মসূচিতে অংশ নেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
এদিন বই হাতে বাজারের বিভিন্ন দোকান ও এলাকার পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের হাতে তুলে দেন বই। সুজন চক্রবর্তীর দাবি, পুজোর সময় তাঁদের বুক স্টল ভাঙচুর ও বাধার মুখে পড়লেও বই বিক্রিতে কোনও প্রভাব পড়েনি। বরং এবারের পুজোয় তাঁদের স্টল থেকে মোট ১ কোটি ৫৩ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি।
সুজন চক্রবর্তীর কথায়, “স্টল ভেঙে বা বই পুড়িয়ে মানুষের পড়ার খিদে ও চেতনা রোখা যাবে না। বরং লাঠি বা অস্ত্রের বিরুদ্ধে বই ও মানুষের সচেতনতাই বামেদের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার।”
যাদবপুরেও পথে ভ্রাম্যমাণ বুক স্টল
শুধু চম্পাহাটি নয়, রবিবার যাদবপুরেও পালিত হয় সিপিএমের এই কর্মসূচি। সেখানে কর্মী-সমর্থকদের মুখে শোনা যায়, ‘বুলডোজারকে করল দূর, বইয়ের পাশে যাদবপুর’ এবং ‘হাতে হাতে বই, পাড়ায় পাড়ায় সিপিএম’—এই স্লোগান।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ, স্থানীয় বাম নেতৃত্ব এবং ছাত্র-যুব কর্মীরা। অভিনেতা দেবদূত ঘোষ বলেন, “যারা অন্যায়কারী, তারা চায় না মানুষের জ্ঞানের প্রসার ঘটুক। তাই আমাদের বুকস্টলের উপর আক্রমণ নেমে এসেছে। কিন্তু আমরা পিছু হটিনি। বরং তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে বই গ্রহণ করেছে। তাই আজ পাড়ায় পাড়ায় আমাদের ভ্রাম্যমাণ বুকস্টল।”
বইকে হাতিয়ার করেই জনসংযোগের চেষ্টা
বাম কর্মী-সমর্থকদের দাবি, এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বই কিনেছেন। কেউ কেউ আবার বইয়ের বদলে বইও তুলে দিয়েছেন। তাঁদের মতে, বইয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর এই উদ্যোগে ভালো সাড়া মিলছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, পুরভোটের আগে পুজোর সময় বুক স্টল ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া জনমতকে নিজেদের পক্ষে কাজে লাগাতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। সেই লক্ষ্যেই বইকে হাতিয়ার করে নতুন করে জনসংযোগে নেমেছে সিপিএম। তবে এই কর্মসূচি শেষ পর্যন্ত ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, তা সময়ই বলবে।




















