রাজ্য – সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে চলা আইনি বিতর্কে গুরুত্বপূর্ণ দাবি সামনে আনল অরূপ রায়ের নেতৃত্বাধীন শিবির। সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, গত ২২ জুন অনুষ্ঠিত দলের বিশেষ অধিবেশন এবং সেই অধিবেশনের ভিত্তিতে গঠিত জাতীয় কর্মসমিতিকে (এনডব্লিউসি) আদালত বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাঁর দাবি, আদালতের রায় অনুযায়ী অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটিই দলের সাংগঠনিক বিষয় পরিচালনার একমাত্র বৈধ কর্তৃপক্ষ।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের এই রায়ের ফলে দলের নামে অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের পদাধিকারী বলে দাবি করতে পারবেন না। তাঁর বক্তব্য, দল পরিচালনার ক্ষেত্রে আর কোনও ধরনের একতরফা সিদ্ধান্ত বা প্রভাব খাটানো চলবে না এবং আদালতের নির্দেশ সকলকেই মেনে চলতে হবে।
অরূপ রায় শিবিরের দাবি অনুযায়ী, আদালতের নির্দেশে দলের অভ্যন্তরীণ প্রশাসনে কোনও ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা যাবে না। একই সঙ্গে দলের নাম ব্যবহার করে রাজনৈতিক নির্দেশিকা জারি করা কিংবা কোনও স্তরে নতুন পদাধিকারী নিয়োগের ক্ষেত্রেও নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়াও দাবি করা হয়েছে, দলের নথিপত্র, তহবিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর অন্য কোনও শিবিরের অধিকার থাকবে না। আদালতের রায়কে সামনে রেখে অরূপ রায় শিবিরের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




















