রাজ্য – তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এবার সংসদীয় রাজনীতিতে নতুন দায়িত্বের পথে তিন প্রবীণ নেতা। সোমবার রাজ্যসভার উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উপস্থিত থাকতে পারেন।
গত ৯ জুলাই সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে শমীক ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তৃণমূলের এই তিন প্রাক্তন সাংসদ। দলবদলের কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করে। আগামী ২৪ জুলাই এই তিনটি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এই মনোনয়নকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছিল যে, তৃণমূল থেকে আসা দলবদলু নেতাদের জন্য আপাতত দলের দরজা বন্ধ থাকবে। সেই অবস্থানের মধ্যেই তিন প্রাক্তন তৃণমূল সাংসদকে শুধু দলে নেওয়াই নয়, রাজ্যসভার প্রার্থী করায় নানা প্রশ্ন উঠেছে।
এই সমালোচনার জবাবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, রাজনীতিতে ব্যক্তি ও পরিস্থিতির পরিবর্তন স্বাভাবিক। তাঁর কথায়, “সাধুরও অতীত থাকে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি দলে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেন।




















