পশ্চিমবঙ্গ —
তৃতীয় লিঙ্গের মানুষদের আর অবহেলা নয়, তাঁদের সমাজের মূলস্রোতে যুক্ত করতে কর্মসংস্থানের নতুন উদ্যোগের কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুরসভাগুলির কর আদায়ের কাজে এবার ট্রান্সজেন্ডারদের যুক্ত করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার কাজেও তাঁদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগের ভাবনা রয়েছে।
রাজ্যের একাধিক পুরসভা বর্তমানে আর্থিক চাপের মুখে। গত কয়েক বছর ধরে বহু মানুষ নিয়মিত বাড়ি ও সম্পত্তি কর জমা না দেওয়ায় পুরসভাগুলির বকেয়া অর্থের পরিমাণ বাড়ছে। এই পরিস্থিতিতে কর আদায়ের গতি বাড়াতে বিকল্প উদ্যোগের কথা ভাবছে রাজ্য সরকার।
দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাস্তায় ভিক্ষা করেন এমন ট্রান্সজেন্ডারদের পুনর্বাসনের জন্য একটি নীতি তৈরির কাজ চলছে। সেই নীতির আওতায় তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাড়ি ও সম্পত্তি কর আদায়ের কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই কাজের বিনিময়ে তাঁদের সাম্মানিকও দেওয়া হবে।
মন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দু’দিক থেকে সুফল মিলতে পারে। একদিকে পুরসভাগুলির কর আদায়ের কাজে গতি আসবে, অন্যদিকে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষও সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন। সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাঁদের সামাজিক ও আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা।
তবে এই নীতি কবে কার্যকর হবে, কতজনকে নিয়োগ করা হবে এবং কোন কোন পুরসভায় প্রথমে এই উদ্যোগ চালু হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি।




















