দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বস্তিতে ভয়াবহ আগুন! গুদাম থেকে ছড়াল অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বস্তিতে ভয়াবহ আগুন! গুদাম থেকে ছড়াল অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ একটি গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তির ঘরগুলিতে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে গুদামে আগুন লাগে। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পাশের বস্তির ঘরগুলিতেও তা ছড়িয়ে পড়ে। আগুন বাড়তে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। একে একে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

সিলিন্ডার বিস্ফোরণের শব্দ, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আগুন ছড়িয়ে পড়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ শোনা যায় বলে জানা গিয়েছে। এরপর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

তবে প্রথমেই দমকল কর্মীরা ঘরের ভিতরে থাকা বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনেন। ফলে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে।

নিয়ন্ত্রণে আগুন, চলছে পকেট ফায়ার নেভানোর কাজ

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও কয়েকটি জায়গায় পকেট ফায়ার রয়েছে। সেগুলিও সম্পূর্ণ নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা।

এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। গুদামের পাশে বস্তি থাকায় আগুন দ্রুত একাধিক ঘরে ছড়িয়ে পড়েছিল। আপাতত দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top