অফ বিট – ভারতীয় পর্যটকদের অন্যতম জনপ্রিয় বিদেশ ভ্রমণের গন্তব্য থাইল্যান্ডে এবার বড় নিয়ম বদল। দীর্ঘদিন ধরে চালু থাকা ৬০ দিনের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করল থাই সরকার। ফলে ভারতীয় পর্যটকদের আর আগের মতো বিনা ভিসায় থাইল্যান্ডে প্রবেশের সুযোগ মিলবে না।
কম খরচে বিদেশ ভ্রমণ, সহজ যাতায়াত এবং দীর্ঘমেয়াদি ভিসা-ফ্রি সুবিধার কারণে গত কয়েক বছরে ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল থাইল্যান্ড। বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে ভারতকে ৬০ দিনের ভিসা-মুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করার পর পর্যটকের সংখ্যা আরও বেড়েছিল। অতিরিক্ত ৩০ দিন থাকার সুযোগও ছিল। কিন্তু এবার সেই সুবিধাতেই ইতি টানল থাই প্রশাসন।
থাইল্যান্ডের মন্ত্রিসভা ২০২৬ সালের ১৯ মে নতুন ভিসা কাঠামোয় অনুমোদন দিয়েছে। বিদেশ মন্ত্রকের ডিপার্টমেন্ট অব কনস্যুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, রয়্যাল গেজেটে নিয়ম প্রকাশের ১৫ দিন পর থেকেই তা কার্যকর হবে।
নতুন ভিসা নীতির মূল ভিত্তি হল ‘এক দেশ, এক ভিসা অগ্রাধিকার’। অর্থাৎ প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট একটি প্রবেশ সুবিধা নির্ধারণ করা হবে। সরকারের দাবি, এর ফলে ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং নিরাপদ করা সম্ভব হবে।
থাই সরকারের বক্তব্য, পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এবং করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে দীর্ঘমেয়াদি ভিসা-মুক্ত সুবিধা চালু করা হয়েছিল। কিন্তু পরে বেআইনি কার্যকলাপ, অবৈধ কর্মসংস্থান, ‘নমিনি ব্যবসা’ এবং আন্তঃদেশীয় অপরাধ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। সেই কারণেই নতুন করে নীতি পর্যালোচনা করা হয়।
থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সুরাসাক ফানচারোয়নওয়ারাকুল আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে শুধুমাত্র পর্যটকের সংখ্যা বাড়ানো নয়, বরং ‘ভাল পর্যটক’ আকর্ষণের দিকেই জোর দিচ্ছে সরকার। নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই প্রশাসন।
সবচেয়ে বড় প্রভাব পড়ছে ভারতীয় পর্যটকদের উপর। নতুন নিয়ম অনুযায়ী ভারত আর ৬০ দিনের ভিসা-মুক্ত তালিকায় থাকছে না। ভারতীয়দের জন্য এখন শুধুমাত্র ‘ভিসা অন অ্যারাইভাল’ বা VOA সুবিধা চালু থাকবে। অর্থাৎ থাইল্যান্ডে পৌঁছে নির্দিষ্ট ইমিগ্রেশন চেকপয়েন্টে প্রয়োজনীয় নথি জমা দিয়ে ভিসা নিতে হবে।
এই ভিসার মাধ্যমে সর্বাধিক ১৫ দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকা যাবে। ফলে দীর্ঘ সফর বা ওয়ার্কেশন পরিকল্পনায় বড় ধাক্কা লাগতে পারে ভারতীয় পর্যটকদের।
নতুন ৩০ দিনের ভিসা-মুক্ত তালিকায় রয়েছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী, জার্মানি, ফ্রান্স-সহ মোট ৫৪টি দেশ। অন্যদিকে ১৫ দিনের ভিসা-মুক্ত তালিকায় রাখা হয়েছে সেশেলস, মালদ্বীপ এবং মরিশাসকে।
বর্তমানে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা সীমাবদ্ধ রাখা হয়েছে মাত্র চারটি দেশের জন্য— ভারত, আজারবাইজান, বেলারুশ এবং সার্বিয়া। এছাড়া দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা-সহ কয়েকটি দেশের জন্য ৯০ দিনের পারস্পরিক ভিসা-মুক্ত প্রবেশ ব্যবস্থা বহাল থাকছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পর্যটকদের বিদেশ ভ্রমণের পরিকল্পনায় কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর পর্যটন মহলের।

















