নয়াদিল্লি: খাতায়-কলমে এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ হলেও NCPI-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনে পদ খারিজের আবেদন ঘিরে প্রক্রিয়া এগোচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে লোকসভা সচিবালয় ওই সাংসদদের জবাব চেয়েছিল। এবার সেই জবাব দেওয়ার জন্য আরও চার সপ্তাহ বা এক মাস সময় চেয়ে সচিবালয়ে আবেদন করেছেন তাঁরা।
এই ২০ জনের মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক সাংসদ। বিধানসভা নির্বাচনের পর তাঁরা তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন এবং সংসদে পৃথক গোষ্ঠী হিসেবে স্বীকৃতির দাবি জানান। পরবর্তী সময়ে তাঁদের পৃথক আসনেও বসানো হয়েছে এবং NDA-র সংসদীয় কর্মসূচিতেও অংশ নিতে দেখা গিয়েছে।
গত ২৫ অগস্ট লোকসভা সচিবালয়ের তরফে ২০ জন সাংসদকে নোটিস পাঠানো হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮ জুনের আবেদনের ভিত্তিতে দলত্যাগবিরোধী আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছিল।
প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার জন্য তাঁরা সময় বাড়ানোর আবেদন করেন। পরে লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁদের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ফের এক দফা সময় চাওয়ায় এই মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে আলোচনা শুরু হয়েছে।




















