স্কুলে না জানিয়ে দীর্ঘ ছুটিতে লাগাম! প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে এবার আইনি ও বিভাগীয় পদক্ষেপের নির্দেশ রাজ্যের

স্কুলে না জানিয়ে দীর্ঘ ছুটিতে লাগাম! প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে এবার আইনি ও বিভাগীয় পদক্ষেপের নির্দেশ রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে ইচ্ছেমতো ছুটি নেওয়া বা দীর্ঘদিন অনুপস্থিত থাকার প্রবণতায় এবার কড়া পদক্ষেপের পথে রাজ্য স্কুলশিক্ষা দফতর। প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঠনপাঠনের পরিবেশ বজায় রাখা এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সমস্ত জেলার প্রাথমিক শিক্ষা পরিদর্শকদের (DI) প্রয়োজনীয় আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্বর বিকাশ ভবন থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

দফতর সূত্রে জানা গিয়েছে, সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকদের একাংশ উপযুক্ত কারণ না দেখিয়ে দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকছেন—এমন অভিযোগ বেশ কিছুদিন ধরেই উঠছিল। নিয়ম মেনে ছুটি না নিয়েই স্কুলে অনুপস্থিত থাকার বিষয়টি শিক্ষা দফতরের নজরেও এসেছে। বিশেষ করে ডিএ বৃদ্ধি এবং টেট সংক্রান্ত বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে যোগ দেওয়ার সময়ও কিছু শিক্ষক নিয়ম মেনে ছুটি নেননি বলে অভিযোগ।

শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির সরাসরি প্রভাব পড়ছে স্কুলের পঠনপাঠনে। শিক্ষক অনুপস্থিত থাকলে নির্ধারিত ক্লাস ও শিক্ষাদান ব্যাহত হওয়ার পাশাপাশি পড়ুয়াদের নিয়মিত শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে শিক্ষা দফতর। এই পরিস্থিতিতে স্কুলে কর্মসংস্কৃতি বজায় রাখা এবং শিক্ষকদের দায়িত্বশীল উপস্থিতি নিশ্চিত করতেই জেলা স্তরে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুমতি ছাড়া দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকা বা নিয়ম না মেনে ছুটি নেওয়ার ঘটনা সামনে এলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও বিভাগীয় পদক্ষেপ করতে হবে। ফলে আগামী দিনে প্রাথমিক শিক্ষকদের ছুটি ও উপস্থিতির বিষয়টি আরও কড়াভাবে নজরদারির আওতায় আসতে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top