দার্জিলিংয়ে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী, পর্যটন শিল্প ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা রাজ্যের

দার্জিলিংয়ে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী, পর্যটন শিল্প ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – দার্জিলিংয়ে যানজট এড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে রোপওয়ে চালুর পরিকল্পনা করছে রাজ্যের পর্যটন দপ্তর। পাশাপাশি সুন্দরবন ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রমোদতরী নামানোর ভাবনাও রয়েছে। দিঘা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নবদ্বীপ-সহ রাজ্যের একাধিক পর্যটনকেন্দ্রকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়ন এবং পর্যটনকেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে দার্জিলিংয়ের পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে রোপওয়ে চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে পাহাড়ি এলাকায় যানজটের চাপ কমানোর পাশাপাশি পর্যটকদের অন্যরকম অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সুন্দরবনকেও পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে প্রমোদতরী চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে দিঘা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নবদ্বীপের পর্যটন পরিকাঠামো ঢেলে সাজানোর বিষয়েও একাধিক প্রস্তাব উঠে এসেছে।

বৈঠকে পর্যটন দপ্তরের অন্তর্গত সমস্ত সম্পত্তির আধুনিকীকরণের উপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পর্যটন দপ্তরের সঙ্গে অন্যান্য সহযোগী সরকারি দপ্তরের মধ্যে আরও উন্নত ও কার্যকর সমন্বয় গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, মুখ্যসচিব মনোজ আগারওয়াল, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, অর্থসচিব-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

এদিনের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, পর্যটন দপ্তরের নতুন লোগো উন্মোচন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সেই নতুন লোগো প্রকাশ করবেন বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top