বর্ধমান – মাত্র সাত দিনেই ১৯৩টি বাড়ির ৩০৮টি পরিবারের জনগণনার কাজ সম্পূর্ণ করে নজির গড়লেন পূর্ব বর্ধমানের কালনার শিক্ষক প্রণয় ঘোষ। দ্রুততার পাশাপাশি নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করে নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ করেছেন তিনি।
কালনা-২ ব্লকের ঝড়ুবাটি এলাকার জনগণনার দায়িত্বে ছিলেন ঝড়ুবাটি নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রণয়বাবু। তাঁর দায়িত্বে ছিল মোট ১৯৩টি বাড়ির ৩০৮টি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করা।
জনগণনার কাজ শেষ করার জন্য নির্ধারিত সময়সীমা ছিল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু প্রণয়বাবু বাড়ি বাড়ি গিয়ে দ্রুততার সঙ্গে তথ্য সংগ্রহ করেন এবং সংগৃহীত সমস্ত তথ্য অনলাইন অ্যাপের মাধ্যমে আপলোড করে দেন। কাজ শুরু করার মাত্র সাত দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করেন তিনি।
এর আগেও নির্বাচন সংক্রান্ত কাজে দক্ষতার পরিচয় দিয়েছেন প্রণয় ঘোষ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর সময় তিনি বিএলও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় কালনা বিধানসভার সেরা বিএলও হিসেবে পুরস্কৃতও হন তিনি।
রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক তথা বর্তমান মুখ্যসচিব মনোজ আগরওয়ালের কাছ থেকেই সেই পুরস্কার গ্রহণ করেছিলেন প্রণয়বাবু। নির্বাচন সংক্রান্ত কাজের পর এবার জনগণনার দায়িত্বেও তাঁর দ্রুততা ও দক্ষতা প্রশংসা কুড়িয়েছে।




















