পূর্ব মেদিনীপুর:
দিঘায় পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার করতে একগুচ্ছ নতুন পরামর্শ ও পরিকল্পনার কথা জানাল রাজ্য সরকার। সমুদ্রস্নানের সময় শাড়ি বা সালোয়ার-কামিজের মতো ভারী পোশাক পরে জলে না নামার আহ্বান জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর মতে, সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশেষ করে সপ্তাহান্তে দিঘায় বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়। তাঁদের মধ্যে অনেকেই শাড়ি বা সালোয়ার পরে সমুদ্রে নামেন, যা স্রোতের মধ্যে বিপদের কারণ হতে পারে। সেই কারণে সুইমিং কস্টিউম বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে যাঁরা সুইমিং কস্টিউম ব্যবহার করতে না চান, তাঁদের উজ্জ্বল বা ফ্লুরোসেন্ট রঙের শাড়ি কিংবা সালোয়ার পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, এমন পোশাক পরলে জরুরি পরিস্থিতিতে দূর থেকেও পর্যটকদের সহজে শনাক্ত করা সম্ভব হবে এবং উদ্ধারকাজ দ্রুত করা যাবে।
এছাড়াও সমুদ্রে নামার সময় ফ্লুরোসেন্ট রঙের ক্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এতে লাইফগার্ড ও উদ্ধারকারী দল সমুদ্রে থাকা পর্যটকদের দ্রুত চিহ্নিত করতে পারবে। পাশাপাশি সমুদ্রতটের প্রতি ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত উদ্ধারকর্মী মোতায়েন এবং লাইফগার্ড পরিষেবাকে আরও আধুনিক ও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানিয়েছে রাজ্য সরকার।



















