উত্তর ২৪ পরগনা:
লোকাল ট্রেনে সক্রিয় ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল বনগাঁ জিআরপি। রবিবার বারাসত স্টেশন সংলগ্ন এলাকা থেকে ছিনতাই চক্রের মূল অভিযুক্ত কল্যাণ সর্দার ওরফে শিবুকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক দিন আগে হাবরা স্টেশন এলাকায় এক যাত্রীর গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে নেমেই এই সাফল্য মিলেছে।
তদন্ত চলাকালীন প্রথমে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এরপর চুরি হওয়া সোনার গয়না বেআইনিভাবে যাঁদের কাছে বিক্রি করা হয়েছিল, সেই দুই ক্রেতাকেও গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে ছিনতাই চক্রের মূল পাণ্ডার পরিচয় এবং কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
সেই তথ্যের ভিত্তিতে বারাসত স্টেশন এলাকায় অভিযান চালিয়ে কল্যাণ সর্দারকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বনগাঁ জিআরপি। তদন্তকারীদের দাবি, চুরি ও ছিনতাই করাই ছিল অভিযুক্তের মূল পেশা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের নেতৃত্বে গড়ে ওঠা ছিনতাই চক্র মূলত শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন লোকাল ট্রেনে সক্রিয় ছিল। ধৃত আর কোন কোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



















