পূর্ব মেদিনীপুর – সৈকতনগরী দিঘায় প্রবেশের তোরণের উপর থেকে অবশেষে সরানো হচ্ছে ‘বিশ্ব বাংলা’ লোগো। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই কাজ হবে। কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ১৪ ও ১৫ সেপ্টেম্বর, সোমবার ও মঙ্গলবার, ১১৬ নম্বর জাতীয় সড়কে বিশেষ যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। রবিবার বিজ্ঞপ্তি জারি এবং মাইকিং করে বিষয়টি জানিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
পর্ষদের তরফে জানানো হয়েছে, দু’দিনই রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ অথবা আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে। পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতে দিনের ব্যস্ত সময়ে সমস্যায় পড়তে না হয়, সেই কারণে গভীর রাতে লোগো খোলার কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যানজট এড়াতে বিকল্প পথের ব্যবস্থাও রাখা হয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সিইও ধুমালপ্রতীক অশোক জানিয়েছেন, কাজ চলাকালীন দিঘা গেটের সামনে থাকা পেট্রল পাম্পের পাশ দিয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে।
প্রশাসনের আশা, নির্ধারিত রাতের সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। ফলে দিনের বেলায় দিঘায় আসা-যাওয়া করা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উপর এই কাজের প্রভাব তুলনামূলকভাবে কম পড়বে।




















