দেশ – দেশের সবচেয়ে বড় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG-তে আসতে পারে বড় পরিবর্তন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এতদিনের প্রচলিত কলম-কাগজ ও OMR পদ্ধতির বদলে কম্পিউটার-বেসড টেস্ট বা CBT পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দিল্লিতে BRICS সম্মেলনের ফাঁকে সংবাদ সংস্থা ANI-কে NTA-র এক আধিকারিক জানিয়েছেন, NEET ছাড়া সংস্থার প্রায় সব বড় পরীক্ষা ইতিমধ্যেই CBT পদ্ধতিতে হয় এবং খুব শীঘ্রই NEET-ও সেই ব্যবস্থার আওতায় আসতে পারে।
JEE Main, CUET, UGC-NET এবং NIFT-এর মতো গুরুত্বপূর্ণ প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ইতিমধ্যেই অনলাইন CBT পদ্ধতিতে নেওয়া হচ্ছে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে NEET-UG-এর পরীক্ষাব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর নজরদারি ও ব্যবস্থাপনা আরও বাড়তে পারে।
NEET-কে CBT ব্যবস্থায় নিয়ে আসার প্রস্তুতি একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্সের তত্ত্বাবধানে চলছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। পরীক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কারের লক্ষ্যেই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। পরীক্ষার নিরাপত্তা জোরদার করা, পরিচালনায় ভুলত্রুটি কমানো এবং গোটা প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য করে তোলাই কমিটির অন্যতম উদ্দেশ্য।
তবে কবে থেকে NEET-UG সম্পূর্ণভাবে CBT পদ্ধতিতে নেওয়া হবে, সেই বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। NTA-র প্রস্তুতি এগোলে দেশের লক্ষ লক্ষ মেডিক্যাল পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার পদ্ধতিতেই বড় পরিবর্তন আসতে পারে।




















