রাজ্য – রবিবার গভীর রাতে দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি এলাকায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা শশাঙ্ক শেখর মণ্ডল এবং তাঁর দাদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার ও বাসিন্দাদের উপর অত্যাচারের অভিযোগ তুলে আসছিলেন স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, একসময় রাজনৈতিক প্রভাবের কারণে এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে পারতেন না। রাজনৈতিক পালাবদলের পর পরিবারকে নিয়ে দীর্ঘদিন এলাকা ছেড়ে ছিলেন ওই প্রাক্তন কাউন্সিলর। রবিবার রাতে বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুইয়ের আশ্বাসে তিনি ফের এলাকায় ফিরেছেন বলে দাবি স্থানীয়দের। আর তাঁকে এলাকায় ঢুকতে দেখেই একাংশ বাসিন্দার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কয়েকজন তাঁকে তাড়া করেন এবং এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবি জানান। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বাড়িঘর ও আসবাবপত্রে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। রাতের অন্ধকারে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। কী কারণে এই বিক্ষোভের সূত্রপাত, কারা ভাঙচুরের ঘটনায় জড়িত এবং ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।




















