কলকাতা – রবিবার ভোর থেকেই দুর্যোগের মুখে পড়ল কলকাতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই সকাল হতেই আকাশ ঢেকে যায় কালো মেঘে। এরপর শুরু হয় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত। মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। কোথাও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে, আবার কোথাও গাছ উপড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় চাঁদনি চক এলাকায়। সেখানে একটি বড় গাছ ভেঙে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর। গাছটি বিদ্যুতের তারের উপর পড়ায় ওই রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখতে হয়। ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদেরও ভোগান্তির মুখে পড়তে হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুরসভা এবং সিইএসই-র কর্মীরা। গাছ সরিয়ে রাস্তা স্বাভাবিক করা এবং বিদ্যুৎ সংযোগ নিরাপদ করার কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।


















