কলকাতা – ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের আমন্ত্রণে তাঁর বাড়ির গণেশ পুজোয় হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছরই দেবের বাড়ির পুজোয় বিশিষ্টদের উপস্থিতি দেখা যায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সোমবার সাড়ম্বরে গণেশকে বাড়িতে স্বাগত জানান দেব। পরদিনই তাঁর বাড়ির পুজোয় একে একে হাজির হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার দুপুরে প্রথমে দেবের বাড়ির গণেশ পুজোয় উপস্থিত হন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এরপর সেখানে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে দেবের বাড়ির পুজোয় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি স্বাভাবিকভাবেই আলাদা করে নজর কেড়েছে।
শুভেন্দু অধিকারীর পুজোয় আসার প্রসঙ্গে সমাজমাধ্যমে তাঁকে ধন্যবাদ জানান দেব। নিজের এক্স হ্যান্ডেলে অভিনেতা-সাংসদ লেখেন, “ধন্যবাদ দাদা আমার বাড়ির পুজোতে আসার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।”
দেবের বাড়ির গণেশ পুজোয় প্রতি বছরই বিনোদন ও রাজনৈতিক জগতের বিশিষ্টদের আনাগোনা দেখা যায়। এ বার একই দিনে দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে সেই পুজোই আরও একবার চর্চায় উঠে এল।



















