বিদেশ – রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানিকারী দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসানোর ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব আরও এক ধাপ এগোল। মঙ্গলবার মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’ নিয়ে ২১৪-২১১ ভোটে প্রক্রিয়াগত প্রস্তাব পাশ হয়েছে। বিলের সংশোধনীতে ভারত-সহ ১০টি দেশকে সম্ভাব্য শুল্কের আওতায় রাখার কথা বলা হয়েছে।
এই তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে চিন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান। তবে এই মুহূর্তে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়নি। প্রস্তাবটি প্রেসিডেন্টকে এমন শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার কথা বলছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও আইনপ্রণয়নের ধাপ রয়েছে।
হাউসে বিলটি এগিয়ে নেওয়ার ভোটে দুই ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন। অন্যদিকে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস এই বিধানের বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, বিলটি প্রেসিডেন্টকে অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপক ক্ষমতা দিতে পারে এবং এর ফলে আমেরিকার অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি তৈরি হতে পারে।
বিলটির লক্ষ্য রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং রুশ জ্বালানি কেনা বা নিষেধাজ্ঞা এড়ানোর ক্ষেত্রে সহায়তাকারী দেশগুলির উপরও চাপ তৈরি করা। মার্কিন সেনেটে বিলটি এর আগে ৮৬-১১ ভোটে পাস হয়েছিল। এখন হাউসে চূড়ান্ত ভোটের দিকে এগোচ্ছে প্রস্তাবটি।




















