কলকাতা: পুজোর আবহেই রাজ্যের রাজনৈতিক মহলের নজর এখন নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের ফলাফলের দিকে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে দুই বিধানসভা কেন্দ্রের ভোটগণনা। গত ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। গণনা শুরুর পর প্রাথমিক প্রবণতায় দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি বলে খবর। তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে গণনা শেষ হওয়া পর্যন্ত।
নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে লড়ছেন মিলন প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির এই কেন্দ্রে মিলন প্রধানকে সমর্থন জানিয়েছে। ফলে নন্দীগ্রামের ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শাখারভ সরকার। এই কেন্দ্রে তৃণমূল শিবিরের সমর্থন রয়েছে রবিউল আলম চৌধুরীর দিকে। ফলে নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগরেও ভোটের ফল কোন দিকে যায়, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।
দুই কেন্দ্রেই ভোটগ্রহণের দিন উল্লেখযোগ্য সংখ্যক ভোট পড়েছিল। নির্বাচন ঘিরে নানা অভিযোগ ও রাজনৈতিক উত্তেজনার আবহে এবার ফলাফলের দিকে তাকিয়ে শাসক ও বিরোধী—দুই শিবিরই। প্রাথমিক প্রবণতা শেষ পর্যন্ত বজায় থাকে কি না, নাকি গণনার পরবর্তী রাউন্ডে ছবিতে বদল আসে, এখন সেদিকেই নজর।



















