দুর্গাপুজোয় বড় সুখবর! সপ্তমী থেকে ভোররাত পর্যন্ত ছুটবে মেট্রো, জেনে নিন পাঁচটি লাইনের সময়সূচি

দুর্গাপুজোয় বড় সুখবর! সপ্তমী থেকে ভোররাত পর্যন্ত ছুটবে মেট্রো, জেনে নিন পাঁচটি লাইনের সময়সূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফেরার চিন্তা অনেকটাই কমতে চলেছে কলকাতাবাসীর। পুজোর ভিড় সামাল দিতে মহাপঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত কলকাতা মেট্রোর পাঁচটি লাইনে বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সবচেয়ে বড় সুখবর, ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু ও গ্রিন লাইনে রাত পেরিয়ে ভোররাত পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ফলে গভীর রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ঘুরলেও বাড়ি ফেরার জন্য বিকল্প পরিবহণের উপর পুরোপুরি নির্ভর করতে হবে না দর্শনার্থীদের।

ব্লু লাইনে কখন চলবে মেট্রো?

দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মহাপঞ্চমী ও মহাষষ্ঠী, অর্থাৎ ১৫ ও ১৬ অক্টোবর সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা মিলবে। ব্যস্ত সময়ে ছয় মিনিট অন্তর ট্রেন চলবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে।

১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো। এই চার দিনে মোট ২৪৮টি পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে। ব্যস্ত সময়ে ট্রেন পাওয়া যাবে ছয় মিনিট অন্তর। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে ভোর ৩টে ৪৬ মিনিটে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে ভোর ৩টে ৪৮ মিনিটে। বিজয়া দশমী, ২১ অক্টোবর দুপুর ১টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। সেদিন মোট ১৪০টি পরিষেবা থাকবে।

গ্রিন লাইনেও ভোররাত পর্যন্ত পরিষেবা

হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটেও থাকছে বিশেষ পরিষেবা। ১৫ ও ১৬ অক্টোবর সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রো। ১৭ থেকে ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরদিন ভোর পর্যন্ত পরিষেবা চালু থাকবে। এই সময়ে মোট ১৯২টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। শেষ ট্রেন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে ছাড়বে ভোর ৩টে ৫২ মিনিটে। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে ভোর ৩টে ৫৯ মিনিটে। দশমীতে দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে।

ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনের পরিষেবা

ইয়েলো লাইনে সপ্তমী থেকে নবমী পর্যন্ত বিকেল ৩টা থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত মেট্রো চলবে। পার্পল লাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে নিয়মিত পরিষেবা থাকলেও সপ্তমী থেকে দশমী পর্যন্ত পরিষেবা সীমিত থাকবে। অন্যদিকে, অরেঞ্জ লাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চললেও ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। তাই যাত্রার আগে নিজের রুটের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টিকিট কাটতে কোন অ্যাপ ব্যবহার করবেন?

পুজোর ভিড়ে টিকিট কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষা এড়াতে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে কিউআর টিকিট বুক করার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যাঁদের স্মার্ট কার্ড রয়েছে, তাঁরা সেটিও ব্যবহার করতে পারবেন। তবে রাতের বিশেষ পরিষেবা সব লাইনে একরকম নয়। তাই ঠাকুর দেখতে বেরোনোর আগে যাত্রার শুরু ও শেষ স্টেশনের সময়সূচি যাচাই করে নেওয়াই ভালো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top