নয়াদিল্লি
প্রয়াত অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, নানা পাটেকরের অভিনয়ের নিজস্ব ধরন, ব্যক্তিত্ব এবং পর্দায় তাঁর প্রভাব তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।
প্রধানমন্ত্রী লিখেছেন, নানা পাটেকরের মতো দর্শকদের চমকে দেওয়ার মতো অভিনয়ভঙ্গি, স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং অনন্য প্রভাব খুব কম অভিনেতার মধ্যেই দেখা যায়। প্রতিটি চরিত্রে তাঁর বৈচিত্র্য ও সৃজনশীলতা ফুটে উঠত। তাঁর অভিনীত বহু চরিত্র প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি।
নানা পাটেকরের স্পষ্ট ও অকপট ব্যক্তিত্বের কথাও শোকবার্তায় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। নিজের দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে মতামত প্রকাশের ক্ষেত্রে তিনি কখনও পিছিয়ে আসতেন না বলেও উল্লেখ করেছেন মোদি।
হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকরের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। একইসঙ্গে অভিনেতার পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুরাগীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
শোকবার্তার শেষে প্রধানমন্ত্রী লেখেন, ‘ওম শান্তি।’



















