কলকাতা – কলকাতার আইটি হাব নিউটাউনের একটি বহুতল গেস্ট হাউসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শুরু হওয়া এই অভিযান গভীর রাত পর্যন্ত চলে। বিধাননগর সাইবার ক্রাইম শাখা, গোয়েন্দা বিভাগ এবং টেকনো সিটি থানার পুলিশ যৌথভাবে এই তল্লাশি চালায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আন্তর্জাতিক প্রতারণা চক্র অথবা হাওয়ালা কারবারের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। উদ্ধার হওয়া নগদের পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ঝাড়খণ্ডের দুই বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এক ব্যক্তি সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার গোয়েন্দারা। ডিজিটাল ফুটপ্রিন্ট ও মোবাইল টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পারেন, ঝাড়খণ্ডের দুই ব্যক্তি নিউটাউনের ২০ নম্বর জলের ট্যাঙ্ক সংলগ্ন একটি গেস্ট হাউসে থেকে একটি সন্দেহভাজন চক্র পরিচালনা করছে।
সোমবার দুপুরে পুলিশ আচমকাই ওই গেস্ট হাউস ঘিরে ফেলে এবং দরজা বন্ধ করে শুরু হয় চিরুনি তল্লাশি। তল্লাশির সময় একের পর এক ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। পাশাপাশি উদ্ধার হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ সোনাও। উদ্ধার হওয়া নগদ অর্থ গণনার জন্য রাতে ব্যাঙ্কের নোট গোনার বিশেষ মেশিনও আনা হয়।
এই বিপুল পরিমাণ নগদ অর্থের উৎস নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এটি ঝাড়খণ্ডের কুখ্যাত জামতাড়া মডেলের সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত হতে পারে অথবা কোনও ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণার মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি হাওয়ালা চক্রের মাধ্যমেও এই টাকা বাংলায় আনা হয়ে থাকতে পারে বলে তদন্তে উঠে এসেছে। গোটা ঘটনার নেপথ্যে থাকা চক্রের সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।




















