দেশ – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঞ্জাব ও হরিয়ানা সফরের আগে একটি হুমকিমূলক ইমেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইমেলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর দেশের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তদন্তের স্বার্থে হুমকিমূলক ইমেলটি কোন দফতরে পাঠানো হয়েছে, সেই তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’ নামে একটি উগ্রপন্থী সংগঠন এই ইমেল পাঠিয়েছে। আগামী শুক্রবার হরিয়ানার জিন্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
ইমেলে আরও দাবি করা হয়েছে, একই দিনে চণ্ডীগড়, মোহালি এবং জলন্ধরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা রয়েছে। নামী স্কুল, ব্যস্ত রেলস্টেশন, সরকারি ভবন এবং জনবহুল স্থানে আইইডি বিস্ফোরণের হুমকির কথাও উল্লেখ করা হয়েছে।
হুমকির পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থা, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ইমেলের উৎস এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।




















