দেশ – National Testing Agency-র পক্ষ থেকে জানানো হলো, NEET-UG 2026 পরীক্ষায় কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। শুধুমাত্র কয়েকটি প্রশ্ন পরীক্ষার আগে প্রকাশ্যে চলে এসেছিল বলে শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে জানিয়েছেন এনটিএ প্রধান Abhishek Singh। বৃহস্পতিবার কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তিনি জানান, গোটা ঘটনার তদন্ত করছে Central Bureau of Investigation এবং খুব শীঘ্রই পুরো সত্য সামনে আসবে।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল করা হয়। এরপর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী Dharmendra Pradhan। তিনি জানান, পরীক্ষায় গাফিলতি হয়েছে বলেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি আগামী বছর থেকে নিট সম্পূর্ণ অনলাইন বা কম্পিউটার বেসড পরীক্ষায় রূপান্তরিত করার কথাও ঘোষণা করেন তিনি।
এই ঘটনার পর পড়ুয়াদের ক্ষোভ ও উদ্বেগ প্রশমিত করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয় শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে। সেই কমিটির সামনেই এদিন শিক্ষা মন্ত্রকের সচিবের সঙ্গে হাজিরা দেন এনটিএ প্রধান। সেখানে তিনি স্পষ্টভাবে দাবি করেন, প্রশ্নপত্র ফাঁস হয়নি, বরং সীমিত সংখ্যক প্রশ্ন বাইরে চলে গিয়েছিল।
এনটিএ সূত্রে জানা গিয়েছে, কোথা থেকে এবং কীভাবে ওই প্রশ্নগুলি প্রকাশ্যে আসে, তার বেশ কিছু সূত্র ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে। তদন্তে উঠে এসেছে, রাজস্থান থেকেই প্রথম নিটের প্রশ্ন বাইরে ছড়িয়ে পড়ে। সেই সূত্র ধরে এখনও পর্যন্ত ৪৫ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারীদের অনুমান, পরীক্ষার আগে তথাকথিত ‘গেস পেপার’ বা সম্ভাব্য প্রশ্নের একটি কপি ছড়িয়ে পড়েছিল, যার সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল পাওয়া যায়। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কীভাবে প্রশ্ন বাইরে এল, তা খতিয়ে দেখছে সিবিআই।
















