দেশ – নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া উদ্বেগের আবহে শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে পোস্ট করা তাঁর সেলফি ভিডিওটি প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে নেটমাধ্যমে। ভিডিওটি পোস্ট হওয়ার পর রাতারাতি ইনস্টাগ্রামে প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) নতুন অনুগামী যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে। বর্তমানে তাঁর ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ২০ লাখ (১০২ মিলিয়ন)।
“আগামীকালের ক্যাবিনেট বৈঠকে প্রশ্নপত্র ফাঁস রোধে নেওয়া হবে আরও কড়া পদক্ষেপ”—এই বার্তা-সহ প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যেই ২৭ কোটি ১০ লাখেরও বেশি (২৭১ মিলিয়ন) বার দেখা হয়েছে। ভিডিওটিতে ১ কোটি ৫০ লাখের বেশি লাইক এবং প্রায় ১৩ লাখ মন্তব্য এসেছে। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো জালিয়াতি বন্ধ করতে সরকার আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পথে এগোচ্ছে। পাশাপাশি শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ভিডিওটির বিপুল সাড়া পাওয়ার পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী আরও একটি বার্তা দেন। সেখানে তিনি বলেন, “বন্ধুরা, আপনাদের ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল। আমার পোস্ট করা ভিডিওটিতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং যেসব গঠনমূলক পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা যেন এভাবেই বজায় থাকে এবং আমাদের এই নিবিড় সম্পর্ক আগামী দিনগুলোতেও আরও সক্রিয়ভাবে এগিয়ে চলে। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুদের।”




















