নয়াদিল্লি: রাজ্যে নতুন সরকার গঠনের প্রায় সাড়ে চার মাসের মাথায় সরকার ও দলের সাংগঠনিক কাজের মধ্যে সমন্বয় আরও মজবুত করার লক্ষ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। দিল্লির এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসল এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রশাসন, সংগঠন এবং বুথস্তরের কর্মীদের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে সূত্রের খবর।
রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের সামনে বুথস্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার দায়িত্ব রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে প্রশাসনিক কাজের সঙ্গে দলীয় সংগঠনের সমন্বয় বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি কেন্দ্র, রাজ্য সরকার এবং বিজেপি সংগঠনের মধ্যে যোগাযোগ আরও কার্যকর করতে সুকান্ত মজুমদারের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
বিজেপির অন্দরে এই বৈঠককে সাংগঠনিক পুনর্বিন্যাসের দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের দাবি, রাজ্য বিজেপির একাধিক পদাধিকারীর দায়িত্বে পরিবর্তন আসতে পারে। দলের সংগঠনকে আরও সক্রিয় করা এবং প্রশাসনের সঙ্গে নিচুতলার কর্মীদের যোগাযোগ বাড়ানোর বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় রয়েছে।
এর পাশাপাশি সামনে রয়েছে কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভার নির্বাচন। পুজোর পরেই পুরভোটের প্রস্তুতি আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি ভাবে সূচি ঘোষণা না হলেও, বর্তমান প্রস্তুতি অনুযায়ী নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতা ও হাওড়া-সহ সাতটি পুরসভায় ভোট হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে বুথস্তরের সংগঠন, পুরভোটের প্রস্তুতি এবং নির্বাচনী রণকৌশলও নিতিন নবীনের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে জানা গিয়েছে।




















