নয়াদিল্লি: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রী তাঁকে ‘জাতীয় সেবার প্রকৃত সাধক’ হিসেবে উল্লেখ করেন এবং জাতি গঠনে তাঁর ভাবনার গুরুত্ব তুলে ধরেন।
দীনদয়াল উপাধ্যায়ের জন্ম ১৯১৬ সালের ২৫ সেপ্টেম্বর। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে ‘অন্ত্যোদয়’ ভাবনাকে সামনে রেখে শ্রদ্ধা জানান মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সমাজের একেবারে প্রান্তে থাকা মানুষের উন্নয়নকেই দীনদয়াল উপাধ্যায় জাতি গঠনের অন্যতম ভিত্তি হিসেবে দেখেছিলেন।
সমাজমাধ্যমের বার্তায় মোদি লেখেন, ‘‘জাতীয় সেবার প্রকৃত সাধক ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই।’’ তিনি আরও বলেন, দীনদয়াল উপাধ্যায়ের স্বপ্নের জাতি গঠনের ভিত্তি ছিল সমাজের শেষপ্রান্তে থাকা মানুষের উন্নয়ন। তাঁর ‘অন্ত্যোদয়’-এর দর্শন আজও জনকল্যাণের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়।
এদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর এই বার্তা সামনে এল। ‘ভোটচুরি’র অভিযোগ তুলে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানালেও এই বিতর্ক নিয়ে এ দিনের বার্তায় কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী।




















