রাজ্য – পানিহাটি পুরসভার অচলাবস্থা কাটানোর লক্ষ্যে ডাকা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং শেষ পর্যন্ত অনুষ্ঠিত হল না। শুক্রবার নিরাপত্তার কারণ দেখিয়ে বৈঠক বাতিল করা হয়। এর জেরে পুর নেতৃত্বের ভবিষ্যৎ এবং প্রশাসক নিয়োগের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ১০ জন কাউন্সিলারের পদত্যাগ, প্রায় এক মাস ধরে চেয়ারম্যানের অনুপস্থিতি এবং একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত ঝুলে থাকায় পুরসভার কাজকর্ম সংকটের মুখে রয়েছে।
সূত্রের খবর, এদিনের বোর্ড মিটিংয়ে কাউন্সিলারদের পদত্যাগপত্র, আটকে থাকা আর্থিক অনুমোদন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। পাশাপাশি পুর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও আলোচনা নির্ধারিত ছিল। কিন্তু সকাল থেকেই পুরসভা চত্বরে বিজেপি কর্মীদের জমায়েত শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন কাউন্সিলর পুরসভার সামনে পৌঁছেও পরিস্থিতি দেখে ফিরে যান। পরে নিরাপত্তার স্বার্থে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী দাবি করেছেন, বিজেপি কর্মীরা ডিম ও ইট নিয়ে পুরসভার সামনে অপেক্ষা করছিলেন। হামলার আশঙ্কায় কাউন্সিলররা পুরসভায় প্রবেশ করেননি। পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হলেও পর্যাপ্ত বাহিনী দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এরপর বোর্ড মিটিং বাতিলের সিদ্ধান্ত লিখিতভাবে এক্সিকিউটিভ অফিসারকে জানানো হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে বিজেপির দাবি, নাগরিক পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদ জানাতেই তাদের কর্মীরা পুরসভায় গিয়েছিলেন। বিজেপি নেতা জয় সাহার বক্তব্য, বর্তমান পুর বোর্ড নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। তাই প্রশাসক নিয়োগই একমাত্র সমাধান বলে তাঁদের দাবি।




















