পশ্চিম বর্ধমান – পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় একটি স্পঞ্জ কারখানায় শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কারখানার ফার্নেসে বিস্ফোরণের জেরে অন্তত তিনজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের দল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক সূত্রের খবর, জামুড়িয়ার ইকরার ক্যালেস্টার স্পঞ্জ কারখানায় রাত প্রায় ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আচমকাই ফার্নেসে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে গোটা কারখানা কেঁপে ওঠে এবং সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে কয়েকজন শ্রমিক গুরুতরভাবে জখম হন। পরে নিশ্চিত হওয়া যায়, অন্তত তিনজন আহত হয়েছেন।
ঘটনার পর জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত কারখানায় পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার কথা মাথায় রেখে দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পুলিশ ও দমকল কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে পাঠান।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি কারখানার নিরাপত্তা ব্যবস্থা এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।




















